মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আধুনিক অগ্নি নির্বাপণ ও উদ্ধারসেবা জোরদার করতে ‘শিবু মার্কেট মডার্ণ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় নবনির্মিত এ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গণি বলেন, মানুষ বিপদে পড়লে অনেক সময় কোথাও থেকে সাড়া না পেলেও ফায়ার সার্ভিসের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়া যায়। ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণের কাজেই সীমাবদ্ধ নয়; দুর্যোগকালে বিপন্ন মানুষ ও প্রাণী উদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু ক্ষেত্রে মানুষের জীবন রক্ষায় এই বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান সরকার একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। একটি বিপ্লবের পর দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এ সময়ের মধ্যেও প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের উদ্যোগ অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্মিত এ আধুনিক ফায়ার স্টেশন চালু হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ও আশপাশের শিল্প ও বাণিজ্যিক এলাকার অগ্নি নিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।