মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার কক্ষে কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন— মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদাউস (৩৫)। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীর ভেঙে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আকিজ সিমেন্ট কারখানার আটজন দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা এখনো নিরূপণ করা হয়নি।
আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেয়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, আহত শ্রমিকরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।