মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে নির্বাচনের লেভেল প্লে ফিল্ড অত্যন্ত ভালো রয়েছে এবং এই পরিবেশ বজায় থাকলে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাকসুদ হোসেন জানান, প্রচারণার দ্বিতীয় দিনে তিনি খানপুর হাসপাতালের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। সেখান থেকে ব্যায় কলোনী হয়ে উত্তর চাষাড়া বাগ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে জান্নাত জামে মসজিদ এলাকায় গিয়ে দিনের প্রচারণা কর্মসূচি শেষ করেন। এ সময় তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত ভালো। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।’ তিনি সদর ও বন্দর এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘অতীতে আপনারা যাদের ভোট দিয়েছেন, তাদের কাছ থেকে কী পেয়েছেন—তা আপনারাই সবচেয়ে ভালো জানেন। তাই এবার ভোট দেওয়ার আগে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাই।’
মাকসুদ হোসেন আরও বলেন, তিনি নির্বাচনে অংশ নিয়েছেন শুধুমাত্র মানুষের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে। তার ভাষায়, ‘অতীতে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে—তা আপনারা নিজেরাই মূল্যায়ন করতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যাশা পূরণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো।’
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, সামনে দিনগুলোতেও যদি বর্তমান পরিস্থিতি বজায় থাকে, তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটাররা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপভোগ করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন সময়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যেন সর্বদা সতর্ক ও এলার্ট থাকে।
প্রচারণাকালে তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় বাসিন্দারা রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো নানা বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মাকসুদ হোসেন এসব সমস্যার সমাধানে নির্বাচিত হলে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন অনুসারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রচারণা চলাকালে ফুটবল প্রতীককে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা ও প্রত্যাশা বাড়ছে।