পটিয়া ক্রসিং হাইওয়ে সড়কে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ওসি হারুন

কামরুল ইসলাম:

চট্টগ্রামের পটিয়া ক্রসিং হাইওয়ে সড়কে যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে প্রতিদিনই এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট ও চাঁদাবাজি রোধে হাইওয়ে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে।

জানা যায়, পটিয়া নতুন ব্রিজ এলাকা থেকে শুরু করে বিজি ট্রাস্ট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত অভিযান চালাচ্ছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ হারুনুর রশিদ। এ সময় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল, অবৈধ পার্কিংসহ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পটিয়া উপজেলার শান্তির হাট বাজার এলাকায়ও সম্প্রতি হাইওয়ে পুলিশের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, মহাসড়কের পাশে অবৈধভাবে বসানো দোকান, স্টল এবং যানবাহনের অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হচ্ছে। এতে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা পাচ্ছেন যাত্রী ও চালকরা।

এ বিষয়ে বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক, শান্তির হাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপস্থিতি দেখা যায় এবং ওসি মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরছে এবং যানজট অনেকটাই কমে এসেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “আগে মহাসড়কের পাশে অবৈধভাবে অনেক দোকান বসত, গাড়িও যত্রতত্র দাঁড়িয়ে থাকত। এতে যানজট সৃষ্টি হতো। এখন হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযানের কারণে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা আশা করি এই অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে হাইওয়ে সড়কে চাঁদাবাজি বন্ধ করতেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালীন সময়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম শান্তির হাট বাজার এলাকায় উপস্থিত হয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদের সঙ্গে কথা বলেন।

এ সময় ওসি মোঃ হারুনুর রশিদ জানান, “আমরা নিয়মিতভাবেই মহাসড়কে অভিযান পরিচালনা করি। তবে ঈদকে সামনে রেখে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সামনে ঈদুল ফিতর, তাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন। তাদের যাত্রাপথ যাতে নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “মহাসড়কে কোনো ধরনের যানজট, দুর্ঘটনা কিংবা চাঁদাবাজি যাতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পটিয়া নতুন ব্রিজ থেকে শুরু করে বিজি ট্রাস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।”

ওসি হারুনুর রশিদ জানান, হাইওয়ে সড়কের শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সকলের সহযোগিতা থাকলে আমরা মহাসড়ককে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে পারব। সবাইকে নিয়ম মেনে চলাচল করার জন্য অনুরোধ করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এই ধারাবাহিক উদ্যোগের ফলে ঈদ মৌসুমে মহাসড়কে যানজট কমবে এবং যাত্রীদের যাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক। হাইওয়ে পুলিশের এমন তৎপরতা সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *