মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা দলগুলোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, যারা ক্ষমতায় গেলে দেশে শরীয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে, তারা আসলে ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে পরিবর্তনের জন্য মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু এই পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা জনগণকে আশ্বস্ত করতে বলছে—ক্ষমতায় গেলে দেশে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করবে। বাস্তবে এটি জনগণের সঙ্গে একটি বড় ধরনের প্রতারণা ছাড়া কিছুই নয়।’
তিনি আরও বলেন, ‘একটি স্বার্থান্বেষী রাজনৈতিক দল একসময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কারণ ক্ষমতায় গেলেও তারা শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না, বরং আগের মতোই দেশ পরিচালনা করবে। এই নীতিগত ও আদর্শিক পার্থক্যের কারণেই আমরা ১১ দলীয় জোট ত্যাগ করেছি।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘ইসলামের নাম ব্যবহার করে যারা ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থ হাসিল করতে চায়, দেশের মানুষ এখন তাদের চিনে ফেলেছে। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করবে—এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
তিনি দাবি করেন, শরীয়াহ শাসনব্যবস্থা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তার ভাষায়, ‘ইসলামী শাসন কেবল স্লোগান নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যারা এটিকে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করে, তারা কখনোই ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে না।’
চরমোনাই পীর আরও বলেন, ‘এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটের ওপর নির্ভর না করে নিজেদের শক্তিতে রাজনীতি করছে। আমরা কারো সাথে আপস নয়, কোনো সুবিধাবাদী জোট নয়—নিজেদের আদর্শ ও জনসমর্থনের ভিত্তিতেই নির্বাচনে অংশ নিচ্ছি।’
তিনি দেশের পরিবর্তনের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচিত হলে সংসদে ন্যায়নীতি, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক।
জনসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে সন্ধ্যায় তিনি ফতুল্লার পঞ্চবটি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন।