নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

২১ জানুয়ারি দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ (শহর–বন্দর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী হিসেবে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন।

প্রতীক গ্রহণ শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম সুজন বলেন—

“এই নির্বাচন কেবল একজন প্রার্থী বা একটি আসনের লড়াই নয়—এটি ভয়, দখল, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই বাস্তবতা আর মেনে নেওয়া যায় না।

মাথাল প্রতীক আমাদের সংগ্রাম, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি কোনো ক্ষমতার দরবারে নয়—সরাসরি জনগণের আদালতে হাজির হয়েছি। শহর ও বন্দরের শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তরুণ সমাজ এবং নির্যাতিত নাগরিকদের সঙ্গেই এই লড়াই আমি এগিয়ে নিয়ে যাব।

আমরা ক্ষমতার কাছে মাথা নত করার রাজনীতি করি না। মানুষের মর্যাদা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। নারায়ণগঞ্জকে দখলদার ও লুটেরাদের হাত থেকে মুক্ত করতে জনগণ পাশে থাকলে, এই আসন থেকেই পরিবর্তনের সূচনা হবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে মাথাল প্রতীকে ভোট দেওয়া মানে অন্যায়, ভয়ভীতি ও অবিচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ–৫-এর মানুষ এবার নীরব থাকবেন না—রায় দেবেন পরিবর্তনের পক্ষে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *