মোঃ আনজার শাহ
গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সিনিয়র নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতা জনাব হাবিবুর রহমান রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খালিদ হোসেন, জিল্লুর রহমান, সাকিব হোসেন, ফাতেমা তুজ জোহরা রেশা, হেলেনা আক্তার, লায়ন নূর ইসলাম ও ইলিয়াস মিয়া।
সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ নারী। তাই রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নারীদের সংগঠিত করে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় নারী অধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং নারী নেতৃবৃন্দের নেতৃত্বের বিকাশ ঘটানোর বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত সিনিয়র নারী নেতৃবৃন্দ সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে নারী অধিকার পরিষদকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নারী অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের সংগঠিত করে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।