মোহাম্মদ হোসেন হ্যাপী:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪০ হাজার ১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম।
বুধবার (২৪ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ মোট ৩৪০টি সেশনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা এবং সুস্থ বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।