মোহাম্মদ হোসেন হ্যাপী:
মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছিল মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী রাহাতের। অবশেষে তার পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে মানবিক সহায়তা পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে রাহাত ও তার পরিবার।
বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাহাতের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে আবেগাপ্লুত রাহাত উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্যারের এই সহযোগিতায় আমি আবার নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারব। আমি বড় হয়ে মানুষের সেবা করতে চাই।”
মানবিক সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ ও সম্ভাবনা। রাহাতের মতো মেধাবী শিক্ষার্থীরা সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে একদিন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাহাতের মতো অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ব্যক্তিরা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। রাহাতের পরিবারের সদস্যরাও এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করে।