আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের দুর্গম পার্বত্য এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নেপালের পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নেপালি সংবাদমাধ্যম ‘পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ভারতের নাগরিক।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি জানান, সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগমুহূর্তে হেলিকপ্টার দুটির রোটর বা পাখার মধ্যে সংঘর্ষ হয়। এরপর হেলিকপ্টার দুটি বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।
নেপালে পর্যটক ও পর্বতারোহীদের পরিবহণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম বহন এবং জরুরি উদ্ধারকাজে ছোট আকারের হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় এসব হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে হিমালয় অঞ্চলের দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া বিমান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে। উচ্চ পার্বত্য এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টারের পাখার উত্তোলনক্ষমতা কমে যায়। পাশাপাশি ইঞ্জিনের কার্যক্ষমতাও প্রভাবিত হতে পারে। ফলে এসব এলাকায় উড্ডয়ন ও অবতরণের সময় বাড়তি সতর্কতার প্রয়োজন হয়।