সুলতান মাহমুদ:
পঞ্চগড় জেলার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫৬ বিজিবি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করেছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৭ টার সময়, বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি’র অধিনায়ক কর্তৃক পরিকল্পিত অভিযানে, পঞ্চগড়ের মালকাডাঙ্গা বিওপি’র বিশেষ টহল দল, নায়েব সুবেদার মোঃ আজহারুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৫/১০ এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, নাউতরি এলাকায় অভিযান পরিচালনা করে।
এই অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত ছয়টি মালিক বিহীন গরু আটক করা হয়। বিজিবি সূত্রে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সব সময় সতর্ক থাকে এবং একের পর এক সফল অভিযান পরিচালনার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে।
তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর উপজেলার জোতহাসনা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু চোরাচালান করে। বিজিবি এসব চক্রের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে।
বিজিবি জানিয়েছে, সদর দপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত।
বিজিবি নিশ্চিত করেছে, চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।