পশ্চিম ইউরোপে ভয়াবহ দাবদাহ, একের পর এক ভাঙছে তাপমাত্রার রেকর্ড

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে তাপমাত্রা। কোথাও ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা, কোথাও আবার জুন মাসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চরম গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আর কোটি কোটি মানুষ ভুগছেন অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকিতে।

বৃহস্পতিবার (২৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান দাবদাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন। তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ফ্রান্সে বুধবার দিন ও রাত মিলিয়ে গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ১৯৪৭ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ। রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলে এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।

তীব্র গরমের কারণে বিদ্যুতের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফ্রান্সের পশ্চিমাঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে আবহাওয়াবিদদের আশা, শুক্রবার থেকে দেশটিতে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করতে পারে।

এদিকে যুক্তরাজ্যেও জুন মাসের নতুন তাপমাত্রার রেকর্ড গড়া হয়েছে। দেশটির হ্যাম্পশায়ারের গোসপোর্ট এলাকায় বুধবার তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা জুন মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার ও মঙ্গলবারের দৈনিক গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮ দশমিক ০৮ এবং ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৫০ সালের পর জুন মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।

দাবদাহের প্রভাব ইতালিতেও পড়েছে। দেশটির ১৬টি বড় শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নেদারল্যান্ডসের আবহাওয়া বিভাগ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। এসব এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে বেলজিয়ামের অধিকাংশ অঞ্চলেও অরেঞ্জ সতর্কতা কার্যকর রয়েছে, যেখানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখা যাচ্ছে। ফলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *