মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চার-দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা। জানা গেছে, গত বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মাকসুদ এন্টারপ্রাইজে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড সদস্যরা ১০০ পিস চার-দুয়ারি জাল এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন।
পরে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় মনপুরা উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক উপস্থিত না থাকায় তাঁর পক্ষে মো. নুরু উদ্দিন ও মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা জব্দকৃত চার-দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অবৈধ জালের বিরুদ্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কারেন্ট জাল ও চার-দুয়ারি জালের ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ ও মাছের পোনা নিধন করা হয়, যা দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।