পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত

পাবনা প্রতিনিধি:
পাবনার আতাইকুলা উপজেলায় আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিতে থাকেন। তবে কোথাও তার সন্ধান মেলেনি।

শনিবার বিকেলে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে স্থানীয় কয়েকজন একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, নিহত আব্দুস শুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

পুলিশ জানায়, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *