ক্রাইম রিপোর্টার বাংলাদেশ:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলাপাড়া গ্রামে মোছাঃ আকলিমা আকন্দের দায়ের করা একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়বস্তু ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, খলাপাড়া গ্রামের আব্দুল জব্বার খান (রমজান)-এর স্ত্রী মোছাঃ আকলিমা আকন্দ প্রতিপক্ষ মোহাম্মদ আলী খান (লিটন মাস্টার) সহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে তাঁর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ খবর পেয়ে তাঁর স্বামী দোকানে গেলে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ছাড়া অভিযোগে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের বিষয়টিও উঠে এসেছে। অভিযোগকারীর দাবি, ২০২৩ সালের ২৯ এপ্রিল অভিযোগের ৩ নম্বর আসামির মা আছিয়া খাতুনের কাছ থেকে দুই শতাংশ জমি কেনার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়নাপত্র সম্পাদন করা হয়। এতে উভয় পক্ষ স্বাক্ষর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে জমির মালিক হিসেবে উল্লেখিত আছিয়া খাতুন জমি বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও স্থানীয় বাজারে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় দোকানদার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, অভিযোগকারী ওই বাজারে ভাড়া নেওয়া দোকানে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন। তাঁদের ভাষ্য, বাজারে তাঁর একাধিক দোকান রয়েছে এবং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই মূলত এ ঘটনার সূত্রপাত।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, আছিয়া খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং থানায় দায়ের করা অভিযোগের তদন্তের ফলাফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানির অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানিয়েছেন কথিত ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীর একাংশ। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।