নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার পথে নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ‘দল চায়নি। নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। সেখানে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
এর আগে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ওই খবরের পরিপ্রেক্ষিতে ইশরাক জানিয়েছিলেন, পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরটি গুজব। পরে সোমবার সকালে নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনা নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।