মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বির মাদক আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানাধীন পাগলার ধোপাতিতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে আ. রহমান (২৬) এবং একই উপজেলার ছোট আউনিয়াপুর এলাকার আ. জলিলের ছেলে মুনসুর (২০)। তাঁরা উভয়েই বর্তমানে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (পিপিএম), মফিজুল ইসলাম (পিপিএম) ও মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল পাগলার ধোপাতিতা এলাকায় মিঠুন ও রাব্বির মাদক স্পটে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাঁদের দুই সহযোগী আ. রহমান ও মুনসুরকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পলাতক মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ফতুল্লা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং পলাতক অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।