ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে”—ব্যারিস্টার মীর হেলাল

মোহাম্মদ সোহেল:

১৩০ বছরের ঐতিহ্য রক্ষায় বড় ঘোষণা

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,
“শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে হাটহাজারী বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সমৃদ্ধ অঞ্চল।”

আজ শনিবার সকালে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
“বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনের দায়িত্ব পেলে ১৩০ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।”

হাটহাজারীর সম্প্রীতি বাংলাদেশের উদাহরণ:

সম্প্রীতির মূল্যবোধের ওপর জোর দিয়ে মীর হেলাল বলেন—
“গর্বের সঙ্গে বলতে পারি, পুরো হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কারণেই এই সম্প্রীতি যেন ক্ষুণ্ন না হয়—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে প্রার্থীর আহ্বান:

শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও যোগ্যতার পথে এগিয়ে যেতে বলেন তিনি।
“তোমরা যত বেশি শিক্ষিত, সৎ ও দক্ষ হবে—দেশ তত বেশি আলোকিত হবে। একটি সচেতন ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন— বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আইয়ুব খান, গাজী মোহাম্মদ ইউসুফ, সৈয়দ মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *