মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় দত্তবাড়ী বউবাজার সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেনের দ্বিতীয় তলা থেকে শান্তি বেগমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।