বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক:

বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অলস রাষ্ট্রীয় সম্পদকে উৎপাদনমুখী সম্পদে রূপান্তর করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব সম্পদকে আবার উৎপাদন ও অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশি-বিদেশি বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তৈরি পোশাক শিল্পের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক (ট্যারিফ) নীতির প্রভাবেও বিশ্ববাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের পোশাক রপ্তানি আবারও ঊর্ধ্বমুখী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সরকারের সঙ্গে টিকে গ্রুপের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হয়েছে টিকে গ্রুপকে। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *