স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ভক্তদের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। সেই দ্বৈরথে বরাবরই রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড (IShowSpeed)। বিশ্বকাপের মঞ্চেও নিজের অবস্থান স্পষ্ট করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন স্পিড। ম্যাচের শুরুতেই মিসরের গোল উদযাপন করার পাশাপাশি লিওনেল মেসির পেনাল্টির সময় গোলপোস্টের পেছন থেকে উচ্চস্বরে চিৎকার ও অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে।
ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়া আর্জেন্টিনা ১৯ মিনিটে পেনাল্টি পায়। তবে মেসির নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পেনাল্টির আগে স্পিড বিভিন্ন শব্দ করে মেসির মনোযোগ নষ্ট করার চেষ্টা করছেন।
পেনাল্টি মিসের পর বিস্ময় প্রকাশ করে স্পিডকে বলতে শোনা যায়, “এটা কি সত্যিই কাজ করেছে? আমি কি মেসির মনোযোগ নষ্ট করেছি?” তার এমন মন্তব্য ও আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের একটি বড় অংশ তার আচরণের তীব্র সমালোচনা করেছেন।
তবে ফুটবলপ্রেমীদের একাংশ মজা করে আরেকটি বিষয়ও তুলে ধরছেন। তাদের দাবি, বিশ্বকাপে স্পিড যে দলকে সমর্থন দিয়েছেন, সেই দলই শেষ পর্যন্ত হেরে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে তিনি কেপ ভার্দে ও মিসরের সমর্থন করলেও জয় পায় আর্জেন্টিনা। একইভাবে ব্রাজিলকে সমর্থন করার দিন বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। আর প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকার দিনই পর্তুগালও টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
তবে স্পিডের উপস্থিতি কিংবা তার চিৎকারের কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। বিষয়টি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।