কামরুল ইসলাম:
বরিশাল থেকে নিখোঁজের চার দিন পর কক্সবাজার থেকে উদ্ধার হয়েছে এক কিশোর।
কক্সবাজারের ঈদগাঁও সদরের ঈদগাহ বাজারে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘোরাফেরা করছিল এক কিশোর। বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক ব্যবসায়ীর। তিনি কিশোরটির কাছে গিয়ে ঘোরাফেরার কারণ জানতে চান। কিশোরের কথায় অসংগতি দেখে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুনীল বড়ুয়া বলেন, কিশোরটির নাম সৌরভ দাস (১৩)। সে বরিশাল নগরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয় সৌরভ। চার দিন পর তাকে ঈদগাঁও থেকে উদ্ধার করা হয়। কীভাবে এবং কারা ছেলেটিকে বরিশাল থেকে কক্সবাজারে নিয়ে আসে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।