স্টাফ রিপোর্টার:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গুরুত্বপূর্ণ কোতোয়ালি মডেল থানায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। থানাটির বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
বিএমপি হেডকোয়ার্টার্সের স্মারক নং-বিএমপি/স্টেনো-১/ইন্স/বদলি/২০২৬/১০৫৮-এর অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে বিএমপিতে কর্মরত দুই পুলিশ পরিদর্শককে তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও ইউনিটে বদলি/পদায়ন করা হয়েছে। আদেশ অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলামকে গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। তাঁর বিপি নম্বর ৭৪০১০৮৫৩০০।
অন্যদিকে, পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর বিপি নম্বর ৮১০৬১১১০২৭। অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে, কোতোয়ালি মডেল থানা বরিশাল নগর পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ থানা হওয়ায় নতুন ওসি হিসেবে মনিরুল ইসলামের দায়িত্ব গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে অফিস আদেশে বদলি-পদায়নের কারণ হিসেবে জনস্বার্থের কথা উল্লেখ করা হলেও এর বাইরে কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিএমপি সূত্রে জারি করা আদেশের অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।