এক ডলারে ২৭ লাখের বেশি ইরানি রিয়াল, রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। রোববার (৪ অক্টোবর) দেশটির উন্মুক্ত বাজারে এক মার্কিন ডলারের দাম ২৭ লাখ ২৩ হাজার রিয়ালে উঠেছে। এর আগে শনিবার এক ডলারের বিপরীতে প্রায় ২৬ লাখ ৮৮ হাজার রিয়াল লেনদেন হয়েছিল। ফলে মাত্র একদিনের ব্যবধানে রিয়ালের আরও বড় দরপতন হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা এবং দেশটির চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে রিয়ালের এই পতন ঘটছে। গত এক বছরে মুদ্রাটির মূল্য অর্ধেকেরও বেশি কমেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রিয়ালের দরপতন ঠেকাতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে দুই বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা বিক্রির উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগের মধ্যেও মুদ্রাটির দরপতন অব্যাহত রয়েছে।

ইরানের সরকারি টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য রিয়ালের অব্যাহত অবমূল্যায়ন ঠেকানো। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈদেশিক মুদ্রাবিষয়ক উপদেষ্টা মেহদি দারাবি রিয়ালের পতনকে সাময়িক বলে মন্তব্য করেছেন।

এদিকে রিয়ালের পতনের কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। সঞ্চয় নিরাপদ রাখতে অনেক ইরানি ডলার, অন্যান্য শক্তিশালী মুদ্রা ও সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি এক বছর আগের তুলনায় ৮৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আর গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৩ দশমিক ৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *