বরুড়া বাজারে যানজট নিরসনে কঠোর অবস্থান: ‘নিয়ম না মানলে ছাড় নয়’

মোঃআনজার শাহ

দীর্ঘদিনের যানজট, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বরুড়া উপজেলা অডিটোরিয়ামে সকল শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী এবং বাজার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বরুড়া বাজারের যানজট নিরসনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বরুড়া বাজারের ক্রমবর্ধমান যানজট শুধু সাধারণ মানুষের চলাচলেই বাধা সৃষ্টি করছে না, বরং ব্যবসা-বাণিজ্য ও জনজীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, “বরুড়া বাজার কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। যারা অবৈধভাবে সড়ক দখল করে, যেখানে-সেখানে যানবাহন পার্কিং করে কিংবা জনভোগান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের স্বার্থে প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হব না। যানজটের কারণে বরুড়ার মানুষের দুর্ভোগ আর মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। নিয়মের বাইরে কাউকে সুবিধা দেওয়ার সুযোগ নেই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, “প্রশাসন জনগণের ভোগান্তি লাঘবে বদ্ধপরিকর। যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজন হলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থের প্রশ্নে প্রশাসন সর্বদা আপসহীন।”
তিনি আরও বলেন, “বরুড়া বাজারকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা অপরিহার্য। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়; এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”
আলোচনা সভায় বাজার কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বরুড়া বাজারের যানজট নিরসনে কয়েকটি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়। এতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এবার আর শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমেই বরুড়া বাজার ফিরে পাবে তার স্বাভাবিক গতি। জনদুর্ভোগ কমাতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *