রুবেল হোসেন,কুমিল্লা :-
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। প্রথমদিকে মরদেহের পরিচয় জানা না যাওয়ায় তাকে অজ্ঞাত হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে পরিচয় নিশ্চিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্বাভাবিক অবস্থায় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জানা যায়, তিনি মৃত অবস্থায় সেখানে পড়ে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম নারায়ণ। তিনি বরুড়া পৌরসভার কাসেড্ডা গ্রামের মনমোহনের ছেলে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিকবার চিকিৎসা নিয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন। মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।