বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক

স্বাধীন সংবাদ ডেস্ক: 

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং নিহত ও আহত সেনাসদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।’

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, ‘একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ আমাকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে।’ তিনি চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের বীর সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।’

উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক এই হামলা শান্তিরক্ষীদের নিরাপত্তা ও মিশনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *