স্বাধীন বিনোদন ডেস্ক:
মালদ্বীপে ব্যক্তিগত সময় কাটিয়ে দেশে ফিরেই নতুন কাজের ঘোষণা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন পর আবারও ওয়েব কনটেন্টে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম এখনো চূড়ান্ত না হওয়া একটি নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেগপ্রবণ গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মিত আলোচিত ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই ফিল্মে বিদ্যা সিনহা মিমকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
পরিচালক কাজী আসাদ বলেন, ‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। আমরা তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখে থাকি। কিন্তু চ্যালেঞ্জটা হলো—তাকে সেই গণ্ডির বাইরে এনে নতুন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করা। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা কাজটি দেখলে আমার কথার সঙ্গে একমত হবেন।’
দীর্ঘদিন ধরে অভিনয়ে কিছুটা বেছে বেছে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। এ বিষয়ে তিনি আগেও জানিয়েছেন, শুধু কাজের প্রস্তাব এলেই নয়, গল্প ও চরিত্রে ভিন্নতা না থাকলে তিনি নতুন কাজে যুক্ত হন না। এই প্রসঙ্গে মিম বলেন, ‘অনেকেই জানতে চান আমি কেন আগের মতো নিয়মিত কাজ করছি না। আসলে ভালো গল্প ও চরিত্রের সঙ্গে মিল পাচ্ছিলাম না। কাজী আসাদ যখন এই গল্পটি শোনালেন এবং তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো—এই কাজটা করা দরকার।’
চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। যদিও এই ওয়েব ফিল্মে তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি মিম। তবে ইঙ্গিত দিয়ে বলেন, গল্পে তার চরিত্রের একটি গভীর ও অর্থবহ জার্নি থাকবে, যা দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে মুক্তির তারিখ বা কোন প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, এর আগেও ওয়েব কনটেন্টে প্রশংসিত অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ২০১৯ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘বিউটি অ্যান্ড বুলেট’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘নীল দরজা’ ওয়েব ফিল্মে কাজ করে দর্শকদের নজর কাড়েন তিনি। নতুন এই প্রজেক্টের মাধ্যমে আবারও ভিন্নধর্মী চরিত্রে মিমকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।