বিনোদন ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওহাজ আলী এবার বাংলাদেশে আসছেন। ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি একটি বিশেষ আয়োজনে অংশ নেবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশ সফরের বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী। বাংলাদেশি দর্শকদের উদ্দেশে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত একটি এক্সিবিশনকে কেন্দ্র করে আয়োজনটি করা হচ্ছে। এর সমাপনী পর্বে অংশ নিতে ওহাজ আলী বাংলাদেশে আসছেন।
আয়োজকদের ভাষ্য, ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন। তাঁরা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তবে বিজয়ীর সংখ্যা কত হবে, তা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এমন তথ্য ছড়ানোর বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পোস্ট বা তথ্য সম্পর্কে তারা অবগত নয়। তাদের দাবি, আয়োজনের মূল বিষয় এক্সিবিশন এবং এর সমাপনী অনুষ্ঠানে ওহাজ আলীর উপস্থিতি।
পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো নাটকে অভিনয় করেছেন তিনি।
ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করেছেন ওহাজ। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিচ্ছর গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা করে নজর কাড়ে।
তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বেশি পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটকটির প্রচার শুরু হয় এবং প্রথম সিজনের সমাপ্তি ঘটে ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তাঁর বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।
মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ে।