বিএনপি নেতারা ভুলভাল বলে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নেতারা বিভিন্ন বিষয়ে ভুলভাল বক্তব্য দিয়ে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। জনগণ তাদের এসব বক্তব্যের বিষয়টি বুঝতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশ অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের কথা অসত্য। এটি দুর্বলতা আড়াল করার অপপ্রয়াস বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের লংমার্চ চলছে—এটি সবাই জানে। একইভাবে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন, সেটিও সবার জানা। একটি সত্যের সঙ্গে আরেকটি বিষয় গুলিয়ে ফেলা হচ্ছে।

বিএনপির নেতাদের বক্তব্য প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির লোকেরা তালগোল পাকিয়ে ফেলেছে। রাজনীতির গ্রামার যখন নষ্ট হয়ে যায়, তখন ভুলভাল বলে। বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এটা জনগণ টের পাচ্ছে। এ কথার কোনো মূল্য নেই।’

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দলীয়করণ ও দুর্নীতির কারণে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনে সমস্যার মুখে পড়ছেন।

তিনি বলেন, তাদের সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের এনে নির্বাচিত সংসদ সদস্যদের ওপর খবরদারি করতে বসানো হয়েছে। তার অভিযোগ, বর্তমানে গ্রাম ও ওয়ার্ড পর্যায়েও দুর্নীতি ছড়িয়ে পড়ছে।

এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *