ভৈরবে ফসলি জমির মাটি পাচার, ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজ জব্দ

জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় ২০ হাজার ঘনফুট মাটিভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে অভিযান চালিয়ে ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)’ নামের জাহাজটি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে জাহাজে করে ঢাকায় পাচারের জন্য নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল ভৈরব বাজার জেটিঘাটে অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি পরবর্তী সময়ে নিলামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *