নিজস্ব প্রতিবেদক:
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণ করা হবে—এমন যে তথ্য পত্রিকায় এসেছে, তা সঠিক নয়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা স্বাধীনতা স্তম্ভের কাজ কীভাবে সম্পন্ন করা যায়, বর্তমানে সেটি নিয়েই আলোচনা চলছে।
তিনি বলেন, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে কী করা যায়, তা নিয়ে একটি আলোচনা হয়েছিল। তবে বর্তমানে বিষয়টি নিয়ে সরকার সেভাবে ভাবছে না।
আহমেদ আযম খান বলেন, স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটিই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।