খেলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে বিরাট কোহলির প্রয়োজন আরও ১৫টি শতক। বর্তমানে তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক সেঞ্চুরি ৮৬টি। তবে এখন তিনি খেলছেন শুধু ওয়ানডে ক্রিকেটে। ২০২৭ বিশ্বকাপকে শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করায় রেকর্ডটি ভাঙতে তার হাতে সময়ও খুব বেশি নেই।
তিন সংস্করণ মিলিয়ে কোহলি ৬৩০ ইনিংসে ৮৬টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ গড়ে প্রতি ৭.৩৩ ইনিংসে একটি শতক পেয়েছেন তিনি। ক্যারিয়ারের এই গড় ধরে এগোলে ১০১টি আন্তর্জাতিক সেঞ্চুরিতে পৌঁছাতে তার আরও প্রায় ১১০ ইনিংস প্রয়োজন হবে। বাস্তবতার বিচারে যা বেশ কঠিন।
তবে কোহলির জন্য হিসাবটা ওয়ানডেতে কিছুটা আশাব্যঞ্জক। কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে এই সংস্করণেই। ওয়ানডেতে ৩০৫ ইনিংসে কোহলির সেঞ্চুরি ৫৫টি। অর্থাৎ প্রতি ৫.৫৫ ইনিংসে একটি করে শতক করেছেন তিনি।
এই হার ধরে ১৫টি সেঞ্চুরি করতে কোহলির প্রয়োজন হবে প্রায় ৮৩টি ওয়ানডে ইনিংস। কিন্তু ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার হাতে এত ইনিংস পাওয়ার সম্ভাবনা নেই।
সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য কোহলিকে কিছুটা আশাবাদী করতে পারে। গত দুই বছরে ১০ ইনিংসে তিনি চারটি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ প্রতি ২.৫ ইনিংসে একটি শতক এসেছে। এই হার দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারলে ১৫টি সেঞ্চুরি করতে তার প্রয়োজন হবে প্রায় ৩৮ ইনিংস।
তবে মাত্র ১০ ইনিংসের পারফরম্যান্স দিয়ে দীর্ঘমেয়াদি সম্ভাবনার হিসাব করা কঠিন। ক্যারিয়ারজুড়ে কোহলির স্বাভাবিক গড়ের তুলনায় সাম্প্রতিক এই সেঞ্চুরি করার হার অনেক বেশি। ফলে একই গতিতে তিনি এগিয়ে যেতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন।
এদিকে ২০২৭ বিশ্বকাপের আগে ভারতের নিশ্চিত ওয়ানডে ম্যাচ রয়েছে মাত্র ১৩টি। এর সঙ্গে একটি ওয়ানডে এশিয়া কাপ যুক্ত হতে পারে। পাশাপাশি সূচিতে আরও কিছু ম্যাচ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে ২০২৭ বিশ্বকাপ।
ভারত যদি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলতে পারে, তাহলে ওই আসরেই সর্বোচ্চ ১৩টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। সব মিলিয়ে কোহলির সামনে আনুমানিক ৩০টি ওয়ানডে থাকার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ শচীনের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যেতে হলে কোহলিকে সম্ভাব্য ৩০টি ওয়ানডেতে প্রায় প্রতি দুই ইনিংসে একটি করে সেঞ্চুরি করতে হবে। ফলে পরিসংখ্যানের হিসাবে রেকর্ডটি ভাঙার পথ যে কঠিন, তা স্পষ্ট।