কে. এম. তৈয়ব আলী-হীরা:
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পীরগাছা রাবার বিট থেকে আনুমানিক ২ মেট্রিক টন মূল্যবান শুকনো রাবার নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করেছে পুলিশ। জানা গেছে, রাতে রাবারভর্তি পিকআপ ভ্যানটি মির্জাবাড়ী-ভাইঘাটের নিরাপদ সড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে রাবারভর্তি গাড়িটি রাত আনুমানিক ৪টার দিকে বিকল হয়ে যায়।
সকালে আশপাশের লোকজন রাবারের গন্ধ পেয়ে গাড়িতে কী আছে তা জানতে চাইলে চালক ভিজা সুপারি বহনের কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চালককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল পিকআপ ভ্যানসহ রাবার জব্দ করে। একই সঙ্গে একটি নম্বরবিহীন মাহেন্দ্রও থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় বনাইনে থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উদ্ধার করা রাবার ও গাড়ি জব্দের সময় বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্তৃপক্ষ এবং এ্যামবডিম্যান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। তবে অজ্ঞাত কারণে আনসার পিসি/এপিসিকে ঘটনাস্থলে দেখা যায়নি।