মোঃআব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার ঐতিহ্যবাহী হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২ মে ২০২৬ ইং, মঙ্গলবার, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে “মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ডা. মোঃ কামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক সেলিম মোল্লা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি, আইন বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দীন ফিন্স, যুব বিষয়ক সম্পাদক মোঃ জোবায়ের হাসান রাজিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বসার, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জামাল মেম্বার এবং ১ নং মনপুরা যুবদলের সাবেক সভাপতি মোঃ এনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার শুরুতে মনপুরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন হাওলাদার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে ডা. মোঃ কামাল উদ্দিন বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুর ইসলাম নয়ন সবসময় যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহ দিয়ে থাকেন। বর্তমান যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উদ্বোধনী বক্তব্যে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন,
“খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করা হবে।