খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নরেন্দ্র কার্বারীপাড়া এলাকায় নিকা ত্রিপুরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে মহালছড়ি থানা পুলিশ।
নিহতের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের আট বছর বয়সী মেয়ে শিখা ত্রিপুরা জানায়, সকালে পাশের গ্রামে থাকা নানির বাড়ি থেকে সে নিজ বাড়িতে আসে। এ সময় মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে স্কুলে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই নিকা ত্রিপুরার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।