নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত থাকা ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত ওই সময়সূচি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে স্থগিত পরীক্ষাটির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ওই পরীক্ষার নতুন সময়সূচি দাবি করে একটি সূচি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সময়সূচিটি সম্পূর্ণ ফেক, মিথ্যা ও বিভ্রান্তিকর। স্থগিত পরীক্ষাটির পরিবর্তিত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।