বিনোদন ডেস্ক:
বাংলার লোকগানের কিংবদন্তি সাধক ও বাউল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান। লোকমুখে যিনি ‘মাতাল রাজ্জাক’ নামে পরিচিত। এই মরমি সাধক কবির জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘মাতাল রাজ্জাক জন্মোৎসব’।
টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত এ গানের আসরে অংশ নেবেন ১৫ জন শিল্পী। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় লোকশিল্পী বগা তালেব। এছাড়া গান পরিবেশন করবেন খোকন চিশতি, মারুফ মৃন্ময়, আকাশ গায়েন, কাওসার আহমেদ বিজন, আঁধারী মিলন, জয়িতা অর্পা, ইমরান হোসাইন, তমাল অনার্য, অভিবাসন দাস, নবীন কিশোর গোস্বামী, লানজু খান, রহমান জনি, শিমুল কুম্ভকার ও মাহবুব খালাসী।
আয়োজকরা জানিয়েছেন, বিকেল ৪টায় শুরু হবে এই আয়োজন। সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে গানের এ আসর। তবে উৎসবের স্মারক পোস্টার সংগ্রহ করতে ৫০ টাকা শুভেচ্ছামূল্য দিতে হবে।
আয়োজন প্রসঙ্গে শিল্পী বগা তালেব বলেন, ‘মরমি সাধকদের নিয়ে এমন উৎসব আরও হতে থাকুক। এটি আয়োজন করেছে হারিকেন নামের একটি সংগঠন। তাদের ধন্যবাদ। বিকেল ৪টায় শুরু হবে এই উৎসব। মাতাল রাজ্জাককে উৎসর্গ করে তাঁর কিছু গান গাইব।’
আব্দুর রাজ্জাক দেওয়ান ১৯৩০ সালের ২৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন। দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। সহজ-সরল কথার মধ্য দিয়ে তাঁর গানে উঠে এসেছে গভীর জীবনদর্শন ও আধ্যাত্মিক ভাবনা।
তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘মদ খেয়েছি মাতাল হয়েছি’, ‘ভুল বুঝে চলে যাও’, ‘সুখ পাখিটা গেছে মারা’ ও ‘দুনিয়া মায়ার খেলা’। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য গান রচনা করে লোকসংগীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন এই সাধক কবি।
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন আব্দুর রাজ্জাক দেওয়ান। তাঁর গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।