মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ। “সবুজ হোক পরিবেশ, মাদকমুক্ত হোক সমাজ” স্লোগানকে সামনে রেখে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
“কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হবে না” শিক্ষকের প্রতিশ্রুতিতে সন্তুষ্টি
বক্তব্যের শুরুতে উপস্থিত প্রধান শিক্ষকসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানান ইউএনও আসাদুজ্জামান রনি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন বক্তার বক্তব্য শোনার পর তিনি সন্তুষ্ট যে, আলোচনার মূল বিষয় মাদকবিরোধিতার প্রসঙ্গ প্রায় সবার বক্তব্যেই উঠে এসেছে।
তিনি বিশেষভাবে প্রশংসা করেন বোম্বাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্যের, যেখানে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে তাঁর প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হবে না। এই প্রতিশ্রুতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানান ইউএনও।
সব প্রতিষ্ঠান প্রধানের কাছে একই প্রত্যাশা:
ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, এই বিদ্যালয়ের মতো এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যদি নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার এমন নিশ্চয়তা দিতে পারেন, তাহলে মাদকমুক্ত বাংলাদেশ গড়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী এ বিষয়ে এগিয়ে আসবেন।
তাঁর ভাষায়, একাডেমিক কারিকুলামের বাইরে গিয়ে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়া এবং মাদকের কুফল ও পরিণতি সম্পর্কে ক্রমাগত সচেতন করে তোলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।
কিশোর বয়সেই মাদকাসক্তির ঝুঁকি বেশি, দায়ী বন্ধুর প্রভাব
বক্তব্যে ইউএনও উল্লেখ করেন, পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, কিশোর বয়সেই মাদকাসক্তির বিস্তার সবচেয়ে বেশি ঘটে। এর পেছনে বড় একটি কারণ হিসেবে তিনি চিহ্নিত করেন বন্ধুর প্রভাবকে। তাঁর মতে, এই বয়সে টিনএজাররা বাবা-মা বা শিক্ষকের চেয়ে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়, ফলে বন্ধুর প্রভাব জীবনে অনেক বেশি কার্যকর হয়ে ওঠে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রায়ই দেখা যায় বন্ধুর দেওয়া সিগারেটের প্রস্তাব একবার-দুবার প্রত্যাখ্যান করার পর আর প্রত্যাখ্যান করা সম্ভব হয় না, আর এভাবেই আসক্তির শুরু হয়। তাই তিনি মনে করেন, শিক্ষার্থী সিগারেটে আসক্ত কি না তা পর্যবেক্ষণ করাসহ প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকার দোকানগুলোতে ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেটজাতীয় পণ্য বিক্রি বন্ধেও নজরদারি বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ:
“সমাজকল্যাণের পথে একসাথে” এই প্রতিপাদ্যে পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এবং ১২ নং আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর উল্ল্যাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ও বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
মাদকবিরোধী এই সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় এলাকাজুড়ে।