Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাদারীপুরে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

মাদারীপুরে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার

আসাদুজ্জামান (নাজির): মাদারীপুরের রাজৈর থানা পুলিশ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে লিবিয়ায় মানবপাচার এবং জিম্মি করে নির্যাতনকারী চক্রের অন্যতম মূলহোতা জুলহাস সরদার (৫০) গ্রেপ্তার হয়েছেন। গত ২১ জুলাই রাতে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে র‍্যাব-১০-এর সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জুলহাস সরদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবতী গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে। তিনি রাজৈর থানায় দায়ের করা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার (মামলা নং-২৪, তারিখ: ১২ জুন ২০২৬) প্রধান এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পরিচালিত তদন্তে জুলহাস সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়াবহ মানবপাচারের তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রাজৈর উপজেলার ১৫ থেকে ২০ জনসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে লিবিয়ায় নেওয়া হতো। সেখানে তাদের আটকে রেখে চালানো হতো অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন।

চক্রটি নির্যাতনের ভিডিও ধারণ করে তা দেশে থাকা ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করত। পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতি ব্যক্তির জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায়ের চেষ্টা করা হতো বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিক ভুক্তভোগীর পরিবার রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচারকারী এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার জুলহাস সরদারকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *