আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানজুড়ে নতুন করে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব প্রতিশোধমূলক হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত একটি মার্কিন মেরিন ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।
আইআরজিসি আরও জানায়, ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর ‘চূড়ান্ত অভিযান’ শুরু হয়েছে। অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি আবাসিক বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।
ওই হামলার পর পাল্টা হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
ইরানের বিপ্লবী গার্ড আরও অভিযোগ করেছে, বিয়ের অনুষ্ঠানে চালানো মার্কিন হামলা মিনাব স্কুল ও লামার্দ স্পোর্টস হলের হামলার ‘বর্বরতাকে পুনরুজ্জীবিত করেছে’। একই সঙ্গে আইআরজিসির দাবি, ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি মোকাবিলা করার সক্ষমতা নেই মার্কিন বাহিনীর।
তবে আইআরজিসির দাবি করা মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা ও সামরিক স্থাপনা ধ্বংসের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।