মোঃ ইমরান মুন্সি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি পানক্ষেতের কাছের নির্জন স্থান থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন। নিহত শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে আবারও খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পানক্ষেতসংলগ্ন নির্জন স্থানে ওই ছাত্রীর মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহের পাশে তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র ও একটি ফাইল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকেই ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।