মোঃলাবলু
মির্জাপুরকে সারাদেশের জন্য একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, প্রবীণ রাজনীতিবিদ ও জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, মির্জাপুরকে এমনভাবে সাজাতে চাই, যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, টেকসই ও মানুষের প্রয়োজনভিত্তিক।
শনিবার স্থানীয় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মির্জাপুর শুধু একটি আসন নয়, এটি ইতিহাস, আন্দোলন ও সম্ভাবনার প্রতীক। এই এলাকার মানুষ বহু বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। সময় এসেছে সেই বঞ্চনার অবসান ঘটানোর।
আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মির্জাপুর উপজেলা বিএনপির পাঁচবারের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং শিশু বিষয়ক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তব্যে তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি। মানুষের সুখ-দুঃখ, সমস্যা আর সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছি। সংসদে গেলে মির্জাপুরকে নিয়ে ভাবব প্রথমে।
তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও তরুণ সমাজের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত হাসপাতাল, গ্রাম ও শহরের সড়কব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, তরুণ ও শিশুদের ভবিষ্যৎ নিরাপদ না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই শিশুদের শিক্ষা ও নৈতিক বিকাশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি জনগণের দল। মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে মির্জাপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং মির্জাপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার এই অঙ্গীকার বাস্তবায়নে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।