কামরুল ইসলাম:
চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আহমদ ডিলার (৭০), তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি মাদকের পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করলেও তিনি ক্রমেই আরও বেপরোয়া হয়ে ওঠেন।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবনকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবা আহমদ ডিলারকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এলাকাজুড়ে ঘটনাটি ঘিরে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ ছোবল শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দিচ্ছে পুরো পরিবারকেই।