মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ/২০২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজি চাষের বিভিন্ন উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. হেদায়েত উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *