মোহাম্মদপুরে চুরির টাকা ভাগ করে কেউ কিনেছেন আসবাব, কেউ বানিয়েছেন অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় একটি চক্রের চার সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন, রাসেল ও সানি। কারাগারে থাকা ব্যক্তি হলেন মানিক। পুলিশের ভাষ্য অনুযায়ী, মানিকের পরিকল্পনায় সুমন, রাসেল ও সানি মিলে ওই বাসায় চুরি করেন।

পুলিশ জানায়, চুরির পর পাওয়া টাকা চারজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। প্রত্যেকে সাড়ে ৪ লাখ টাকা করে পান। পরে কেউ সেই টাকা দিয়ে আসবাবপত্র কেনেন, কেউ জুয়া ও মাদক সেবনে খরচ করেন। আর রাসেল চুরি করা টাকার একটি অংশ দিয়ে নতুন একটি অটোরিকশা তৈরি করেন। পরে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে হেফাজতে নেয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণত চুরির মামলার রহস্য উদ্ঘাটন করা বেশ কঠিন। তবে মোহাম্মদপুর থানা পুলিশ একটি ক্লুলেস চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টার মধ্যে মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসাটির গৃহকর্তা গোলাম মোস্তফা।

চোরেরা বাসাটির পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল ১৪ আনা ওজনের দুটি চেইন, ছয় আনা ওজনের দুটি আংটি, চার আনা ওজনের দুটি কানের দুল এবং আট আনা ওজনের দুটি বালা।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চক্রটির চার সদস্যকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও মানিক অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *