মোহাম্মদপুরে রাজউকের অভিযান: ৬ অবৈধ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৮টি মিটার জব্দ

মোঃআনজার শাহ

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অনুমোদিত নকশার বাইরে অবৈধভাবে নির্মাণকাজ পরিচালনার দায়ে ছয়টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সাবজোন-৫/১-এর আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও অথরাইজড অফিসার সাঈদা ইসলামের যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোট ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

**যেসব ভবনে অভিযান চালানো হয়:**

নুরজাহান রোডের ব্লক-ডিতে হাজী মো. ইমাম হোসেনের মালিকানাধীন প্লট নং ইউ-৫০ ও ইউ-৫১-এ অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত ছয়তলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ওই ভবনের সামনের ক্যান্টিলিভার আংশিক অপসারণ করা হয়েছিল।

একই এলাকায় তানভীর হোল্ডিংয়ের (প্লট নং পি/১, ব্লক-ডি) অননুমোদিত তিনতলা ভবনের প্রথম তলার ক্যান্টিলিভার অপসারণ, স্ল্যাবের মধ্যবর্তী অংশ ভাঙা এবং চতুর্থ তলার জন্য নির্মিত কলামের রড কর্তন করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

একই রোডে আলম হোসেনের (প্লট নং ২/১১, ব্লক-ডি) ছয়তলা নির্মাণাধীন ভবনের ক্যান্টিলিভার আংশিক অপসারণ করা হয়। ভবনটির দ্বিতীয় তলায় পরিচালিত ‘টিফিন বক্স’ নামের রেস্তোরাঁ সিলগালা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়।

আজিজ মহল্লার (প্লট নং ১৮/৬, ব্লক-এফ) মো. আমজাদ হোসেনের সাততলা নির্মাণাধীন ভবনের ক্যান্টিলিভার আংশিক অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

আদাবরের জনতা কো-অপারেটিভ সোসাইটি এলাকায় (প্লট নং ৪৮-৪৯, রোড নং ০৩) মো. আলমগীর হোসেনের ১১তলা নির্মাণাধীন ভবনে সেটব্যাক ব্যত্যয়, ব্যবহার ব্যত্যয় ও তলা ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

আদাবরের মোহনপুর মসজিদ গলিতে (হোল্ডিং নং ৫/১/সি) মো. কামাল হোসেনের ছয়তলা নির্মাণাধীন ভবনেরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

রাজউক সূত্র জানিয়েছে, অনুমোদিত নকশার বাইরে অবৈধ নির্মাণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগর পরিকল্পনার শৃঙ্খলা রক্ষায় ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *