যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি মিতু কেরানীগঞ্জে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে চাঞ্চল্যকরভাবে পালিয়ে যাওয়া হত্যা মামলার রিমান্ডের আসামি মিতু আক্তারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন।

রিমান্ডে থাকা অবস্থায় থানা থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজ ও নজরদারি বাড়ানোর পর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিতু আক্তারকে গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। তার পালিয়ে যাওয়ার ঘটনাসহ হত্যা মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, কীভাবে তিনি থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং এ ঘটনায় কারও গাফিলতি বা সহযোগিতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *