যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক  ::

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধু খুজেস্তান প্রদেশেই সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।

প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাতে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের পৃথক তিনটি স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে।

এর আগে হরমুজ প্রণালীর সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়ে রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর হরমুজগান প্রদেশের সিরিক শহরের কুশেতাক এলাকায় একটি বাড়িতে মিসাইলের শার্পনেল আঘাত হানে। ওই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।

ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে হামলার পর ধ্বংসস্তূপ পড়ে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের সেই তৎপরতা ঠেকাতেই নতুন করে হামলা চালানো হয়েছে।

এর পাল্টা জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার পর ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

সূত্র: ইরনা, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *