রাতের আঁধারে খালের মুখ বন্ধের অভিযোগ, সকালে প্রতিবাদ

বজলুর রহমান হাওলাদার:

মাদারীপুর শহরের শামসুন্নাহার ভূঁইয়া উচ্চ বালিকা বিদ্যালয়সংলগ্ন আমিরাবাদ খালের মুখ গভীর রাতে অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার মধ্যে খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষার পানি নিষ্কাশন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ সকালে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদে নামে।

পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী (XEN), সচিব, সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, খালের মুখ বন্ধ করা এবং বিদ্যালয়সংলগ্ন স্থানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বলেন, খালটি এলাকার প্রধান পানি নিষ্কাশন পথ হওয়ায় এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে জলাবদ্ধতা আরও প্রকট হবে।

স্থানীয়দের ভাষ্য, একটি শহরের খাল মানুষের শরীরের রক্তনালির মতো। রক্তনালি বন্ধ হলে যেমন শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, তেমনি খালের মুখ বন্ধ হয়ে গেলে বৃষ্টির পানি বের হতে পারে না। এর ফলে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ে।

এলাকাবাসী খালের স্বাভাবিক প্রবাহ দ্রুত পুনঃস্থাপন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *